বিজন ভাবনা - (৭) তন্ত্রের গোলকধাঁধা
হাঁটতে হাঁটতে সেভা আর আমি চলে এলাম মস্কো নদীর উপরে পায়ে হাঁটা সাঁকোর কাছে। আমাদের ছাত্র জীবনে মস্কো নদীর উপর অসংখ্য ব্রীজ থাকলেও পায়ে হাঁটা ব্রীজ ছিল বলে মনে করতে পারছি না, মানে সেই ব্রীজ যা দিয়ে শুধু পায়ে হেঁটে নদী পার হওয়া যায়। এখন এ রকম ব্রীজের সংখ্যা অনেক। এর একটা নিস্কুচনি সাদের কাছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে। এছাড়া আছে ক্রাইস্ট দ্য স্যাভইর গির্জার পাশে, কিয়েভস্কায়ার ওখানে, ফলে কিয়েভস্কায়া হয়ে বাংলাদেশ দূতাবাসে যাওয়া সহজ হয়ে গেছে, আছে মস্কো সিটির ওখানে। এসব ব্রীজ পায়ে হেঁটে মস্কো ঘোরা অনেক সহজ করে দিয়েছে। অনেকক্ষণ হাঁটছি তাই সেভা জিজ্ঞেস করল সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারব কি না। আসলে হাঁটতে সমস্যা না হলেও উপরে উঠতে আজকাল একটু হাঁপিয়ে উঠি। আমাদের জন্য লিফটের ব্যবস্থা আছে। ওখান থেকে নেমে যখন ফ্রুঞ্জেনস্কায়ার দিকে হাঁটছি একদল তরুণ তরুণী ইলেকট্রিক স্কুটারে করে শো শো করে বেরিয়ে গেল। - যাই বল, মস্কোয় এই স্কুটার নিষিদ্ধ করা উচিৎ। আমি জানি সেভা সোভিয়েত ইউনিয়ন খুব একটা পছন্দ করে না, তাই ইচ্ছে করেই বললাম - যদি সোভিয়েত ইউনিয়ন থাকত তাহলে আর এসব থাকত না। এখন চাইলেও বন্ধ পারবে না। মে...