বিজন ভাবনা - (৫৫) চব্বিশের মীরজাফর
যখন লেখাটা বেরুবে তখন ছাব্বিশের জুলাই অস্তমিত হবার পথে। দুই বছর আগেও জুলাই ছিল অতি সাধারণ একটি মাস। তার না ছিল ফেব্রুয়ারি, মার্চ বা ডিসেম্বরের মত গৌরবময় ইতিহাস, না ছিল আগস্টের ভয়াবহ শোক। কিন্তু ২০২৪ সালে সে সবকিছু ছাড়িয়ে যাবে। পরে কেউ একে বলবে “জুলাই বিপ্লব”, কেউ “জুলাইয়ের গণ অভ্যুত্থান”, কেউ বা “দ্বিতীয় স্বাধীনতা”। দেশে একটা কথা আছে - বৃক্ষ তোমার নাম কি? - ফলে পরিচয়। ফলেই যদি পরিচয় হয় তবে এখন একে নিঃসন্দেহে “ভন্ড জুলাই” বলা যায়। কারণ জুলাইয়ের নটনটীরা বাংলাদেশ ও দেশের আপামর জনসাধারণকে যেভাবে ধাপ্পা দিয়েছে, যেভাবে ঠকিয়েছে সেভাবে আর কেউ করেনি। সমস্যা হল যে এই সত্যটি এখনও সবাই উপলব্ধি করতে পারছে না, আবার পারলেও অনেকেই স্বীকার করতে সাহস পাচ্ছে না। উদ্দেশ্য যতই ভালো হোক যদি ফল খারাপ হয় তাহলে সেটার দায় এড়ানো যায় না। তারপরেও অনেকেই এখনও স্বৈরাচার তাড়ানোর আনন্দে মৌলবাদের উত্থান দেখতে পাচ্ছে না। ভুল করা সহজ কিন্তু ভুল স্বীকার করা পৃথিবীর অন্যতম কঠিন কাজ। স্বৈরাচার বিরোধী আন্দোলন সঠিক হলেও তার বাস্তবায়ন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এর কারণ স্বৈরাচারের পতন চরম লক্ষ্য হতে প...